প্রেসকার্ড নিউজ, সোনারপুরঃ প্রাতঃ ভ্রমণে বেড়িয়ে রহস্য মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মাধব চন্দ্র পাল(৫৭)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত বারেন্দ্রপাড়া এলাকায়। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের লোকেদের অভিযোগ পরিকল্পনা করে খুন করা হয়েছে মাধব বাবুকে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ যুবকের মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এই ব্যক্তির। ঘটনায় অভিযুক্ত বাইক আরোহী পবিত্র ঘোষকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। এটি খুন না নিছকই দুর্ঘটনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রতিদিনের মত সোমবার ভোর পৌনে পাঁচটা নাগাদ বাড়ি থেকে প্রাতঃ ভ্রমণের উদ্দেশ্যে বেড়িয়ে রাজপুর মোড় থেকে সোনারপুরের দিকে আসছিলেন মাধববাবু। সকাল সাড়ে ছটা নাগাদ স্থানীয় হাসপাতাল থেকে ফোন আসে মাধববাবু গুরুতর অসুস্থ। এরপর মাধববাবুর ছেলে মলয় পাল স্থানীয় সুভাষগ্রাম হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে মাধববাবুর। মাধববাবুর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন লক্ষ্য করেন মলয় বাবু। আর এতেই সন্দেহ হয় পরিবারের লোকেদের। সেই কারণে তারা দাবী করেন পরিকল্পনা করে খুন করা হয়েছে তার বাবাকে। পরিবারের দাবী চল্লিশ বছর ধরে জমি জমা নিয়ে চলা বিবাদ মামলা এই সপ্তাহে আদালতে নিস্পত্তি হওয়ার কথা ছিল মাধব বাবুর। আদালতে এই সপ্তাহেই মাধববাবুর সাক্ষ্য গ্রহণ ছিল। আর সেই কারনেই পরিকল্পনা করে খুন করা হয়েছে এই মাধব চন্দ্র পালকে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনায় ধৃত বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

No comments