
নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া,২২মেঃ-বেসরকারী লজ থেকে এক ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুর থানার জয়রামবাটিতে। মৃতার নাম বুল্টি হাজরা। সে কামারপুকুর রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের ছাত্রী। এই ঘটনায় তার সঙ্গে জয়রামবাটি মেঘা লজে আসা যুবক ও লজ মলিক যুক্ত বলে মনে করা হচ্ছে। এই যুবতীর বাড়ি হুগলির জেলার গোঘাট থানার মুল্লুকে। স্থানীয় সূত্রে খবর, এক যুবকের সঙ্গে বুধবার জয়রামবাটির মেঘা লজে আসে ঐ ছাত্রী। পরে এদিন রাতে লজের রুম থেকে বুল্টি হাজরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লজ মালিক বাচ্চু নাগ কে ব্যাপক মারধোর করে। মৃতা বুল্টি হাজরার কাকা সুভাষ হাজরা বলেন, তার ভাইঝি এদিন বিকেলে পড়াশুনার জন্য কামারপুকুর যাওয়ার জন্য বেরিয়েছিল। এই ঘটনায় লজ মালিক যুক্ত বলে তার দাবী। প্রশাসন ব্যবস্থা না নিলে আইন তারা নিজেদের হাতে তুলে নেবেন বলেও তিনি দাবী করেন।এলাকার মানুষের দাবী, জয়রামবাটির লজ গুলিতে প্রকাশ্যে মধু চক্রের আসর বসে। প্রশাসন সব জেনে বূঝেও নিশ্চুপ। এর আগে এমন ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিশ পৌঁছেছে। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
No comments