প্রেসকার্ড, মথুরাপুরঃ গোপনসূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মার্কশিট ও সার্টিফিকেট জাল চক্রের হদিস পেল দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থানার পুলিশ। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মন্দিরবাজার থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। ধৃতদের কাছ থেকে প্রচুর জাল মার্কশিট, সার্টিফিকেট, রাবার স্ট্যাম্প সহ কম্পিউটার, প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তুলেছে পুলিশ।
বেশ কিছুদিন ধরেই মথুরাপুর থানার পুলিশের কাছে খবর আসছিল সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিম্বা স্নাতক ও স্নাতকোত্তর পাশ করিয়ে দেওয়ার নাম করে জাল সার্টিফিকেট এর বেআইনি ব্যবসা চলছে এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে মথুরাপুর থানার ওসি বাপি রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মথুরাপুর থানার পুরকাইত পাড়া থেকে সুদিপ বৈদ্য নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার ভোরে সামিম হোসেন বৈদ্য নামে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সামিম পেশায় মন্দিরবাজার থানার সিভিক ভলেন্টিয়ার। সামিমের বাড়ি থেকে কম্পিউটার, প্রিন্টার সহ সারা ভারতবর্ষের বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এর মার্কশিট, সার্টিফিকেট, এডমিট কার্ড সহ বিভিন্ন আধিকারিকের রাবার স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ডিস্টান্স এডুকেশনের মাধ্যমে বিভিন্ন স্তরে পাশ করিয়ে সার্টিফিকেট দেওয়ার নাম করে বাজার থেকে মোটা টাকা তুলছিল এই অভিযুক্তরা। ধৃতদের বিরুদ্ধে ১২০ বি, ৪২০, ৪১৯ ও ৪৬৮ ধারায় মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে আরও কোন বড় চক্র আছে কিনা সে বিষয়ে ও ক্ষতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে আবেদন করেছে মথুরাপুর থানার পুলিশ।

No comments