প্রেসকার্ড নিউজ, গঙ্গাসাগর, ২৮ ডিসেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের দক্ষিণ ২৪ পরগণা জেলা সফরের শুক্রবারই ছিল শেষদিন। আজ গঙ্গাসাগরে সুন্দরবন কাপে জয়ী পুরুষ ও মহিলা দলকে পুরস্কার বিতরণ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন সরকারী প্রকল্প ও পরিষেবা তুলে দেন এলাকার সাধারণ মানুষের হাতে। তবে, আজ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সাহায্য না করে রাজ্যের ভিতর আগুন লাগাচ্ছে, দাঙ্গা ছড়াচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের সভা থেকে বিজেপির রথযাত্রা নিয়েও তোপ দাগেন মমতা। তিনি বলেন, “ আমরা শ্রীকৃষ্ণের রথযাত্রা করি, জগন্নাথের রথযাত্রা করি। মানুষ মারার রথযাত্রা করি না। মানুষ মারার জন্য রথযাত্রা হয় না। ওটা দাঙ্গা যাত্রা হয়”।
বুধবার মুখ্যমন্ত্রী তাঁর দক্ষিণ ২৪ পরগণা জেলা সফরের প্রথম দিনে মন্দিরবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। শুক্রবারও নামখানার প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিকদের সামনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। শুক্রবারও গঙ্গাসাগরে সুন্দরবন কাপের পুরস্কার প্রদান ও সরকারী প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্র সরকারের প্রতি তোপ দাগেন তিনি। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ তোলেন তিনি। কেন্দ্র সরকার রাজ্যকে সাহায্য না করে রাজ্যের মধ্যে অশান্তি তৈরি করছে বলে অভিযোগ তোলেন তিনি।
পাশাপাশি, বিজেপির রথযাত্রাকে মানুষ মারার যাত্রা, দাঙ্গা লাগানোর যাত্রা বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী। এসবের পাশাপাশি এদিনের সভা থেকে সুন্দরবন কাপের ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। শুক্রবার দুপুর বারোটা নাগাদ শুরু হয় এই পুরস্কার প্রদান ও পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই সভা শেষেই মুখ্যমন্ত্রী আকাশ পথে ফিরে যান কলকাতার উদ্দেশ্যে।

No comments