প্রেসকার্ড নিউজ, বাসন্তী, ২৮ ডিসেম্বর: সকলের চোখের সামনে এক ব্যক্তিকে নদীর জলে চুবিয়ে খুনের ঘটনা ঘটল। একজনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। নিহত এবং অভিযুক্ত দুজনেরই নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার ডকঘাট এলাকায়।
শুক্রবার বিকেলে এলাকার কয়েকজন মানুষ লক্ষ্য করেন এক ব্যক্তিকে মাতলা নদীর জলে আরেক ব্যক্তি চুবোচ্ছেন। এই দেখে স্থানীয় তাঁরা শিমূলতলা পুলিশ ক্যাম্পে খবর দিলে তড়িঘড়ি পুলিশ এসে উদ্ধার করে অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তিকে। অভিযুক্ত ব্যক্তিকেও আটক করে পুলিশ। তড়িঘড়ি আক্রান্ত ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। দুজনের পরিচয় ও জানার চেষ্টা করছে পুলিশ। তবে, স্থানীয় মানুষদের দাবি, মদের ঠেকে বচসার জেরেই দুজনের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। আটক ব্যক্তিও আকণ্ঠ মদ্যপান করে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কোনও সদুত্তর পায়নি।

No comments