প্রেসকার্ড,মন্দিরবাজারঃ ফোঁড়েদের কাছে এবার চাষিদের ধান বিক্রি করতে বারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাষিদের কাছ থেকে সরাসরি সরকার ধান কিনবে ও তার পরিবর্তে চাষিদের হাতে চেক তুলে দেবে। বুধবার থেকে তিন দিনের জন্য দক্ষিণ ২৪ পরগণা জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দিরবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে একথা বলেন এই জেলার চাষিদের উদ্দেশ্যে। এদিণের সভা মঞ্চ থেকে এলাকার বহু মানুষকে বিভিন্ন ধরনের সরকারী পরিষেবা প্রদানের পাশাপাশি ২৩টি প্রকল্পের উদ্বোধন ও ৪৪ টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জয়নগরে গত ১৩ই ডিসেম্বর খুন হওয়া তিনজনের পরিবারের একজন করে সদস্যকে চাকরির নিয়োগপত্র ও তুলে দেন মুখ্যমন্ত্রী।
বুধবার দুপুর একটা নাগাদ হেলিকাপ্টারে করে মন্দিরবাজারের অনুষ্ঠান মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে এলাকার সাধারণ মানুষের হাতে কন্যাশ্রি, রুপশ্রি, সবুজসাথী, সমব্যাথীর পাশাপাশি এলাকার কৃষক, মৎস্যজীবীদের হাতে ও সরকারী পরিসেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। এই সব সরকারী পরিষেবা প্রদানের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ কেন্দ্র সরকার আমাদের সাথে বঞ্চনা করছে। আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের কৃষকদের মাত্র কুড়ি শতাংশ ঋণ দিচ্ছে”। তিনি আরও বলেন, “ কিছু ফোঁড়েদের পাল্লায় পড়ে আমাদের কৃষকরা মার খাচ্ছে। আমি বলছি কোন ফোঁড়েকে ধান বিক্রি করবেন না। আমরা সরকারী ভাবে সব ধান কিনে নেবো। যেখানে যেখানে ধান বিক্রয় কেন্দ্র নেই সেখানে সেখানে অতি শীঘ্রই বিক্রয় কেন্দ্র করা হবে”। এছাড়া এদিনের মঞ্চ থেকে গঙ্গাসাগরের জন্য তীর্থ যাত্রীদের পাঁচ লক্ষ থাকা দুর্ঘটনা বীমার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে তৃণমূল সরকার কি কি কাজ করেছে সেই সমস্ত কিছুর খতিয়ান সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এদিন মঞ্চ থেকে বিজেপিকে দাঙ্গাবাজ দল বলেও সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দুদিন তিনি থাকবেন এই জেলায়। বৃহস্পতিবার নামখানায় একটি প্রসাশনিক বৈঠক করবেন তিনি। তারপর শুক্রবার গঙ্গাসাগরে ও একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বুধবারই বিকেলেই গঙ্গাসাগরের রওনা দেন মুখ্যমন্ত্রী। দুদিন সেখানেই রাত্রিযাপন করবেন তিনি। তবে বুধবার সন্ধ্যায় গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ক্ষতিয়ে দেখবেন তিনি।

No comments