প্রেসকার্ড, সোনারপুরঃ গ্যাস লিকের আতঙ্ক ছড়াল সোনারপুরের বোড়ালে। বড়দিন উপলক্ষ্যে কয়েকদিন ধরে দিন রাত কেক তৈরি হয়েছে। মাঝে মঙ্গলবার একদিন বন্ধ ছিল কারখানাটি। বুধবার সকালে কারখানার দশ জন কর্মী কাজে যোগ দিলে নাকে বিকট গন্ধ পান। গন্ধের সন্ধান করতে গিয়েই কর্মীদের মাথা ঘুরতে থাকে। কয়েকজন ঞ্জান ও হারান। দু চারজন বমিও করেন। এতে কারখানা চত্বরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।
মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে, নরেন্দ্রপুর থানা ও দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দিলেও ছ জনকে ভর্তি করে রাখেন। ঘটনার খবর পেয়ে ৩৩ নং ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ দে ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, ‘ কোন গ্যাস লিকের ঘটনা ঘটেনি। ২৫শে ডিসেম্বর তারিখ কারখানা বন্ধ থাকায় ভিতরে যে গ্যাস জমে ছিল তার জেরেই কর্মীরা অসুস্থ হয়ে পড়েন।সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন"। যদিও কি ধরনের গ্যাস থেকে কর্মীরা অসুস্থ হয়েছেন তা জানা যায়নি। পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ ও দমকলের আধিকারিকরা। ঘটনার খবর পৌঁছেছে রাজপুর সোনারপুর পুরসভাতেও। বৃহস্পতিবার পুরসভার একটি প্রতিনিধি দল পরিদর্শন করবে বলে পুরসভা সূত্রে খবর।

No comments