প্রেসকার্ড নিউজ, ব্যারাকপুর, ২১ ডিসেম্বর : ফের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সমালোচনায় মুখর হলেন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়।
সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ব্রিগেড সমাবেশের সমর্থনে বিভিন্ন জনসভায় গিয়ে বিজেপির রথযাত্রা কর্মসূচির সমালোচনা করে নিজের বক্তব্য পেশ করছেন। একই সঙ্গে মুকুল বাবুর নাম না করে তাকে দলের 'গদ্দার' বা বিশ্বাস ঘাতক বলেও অভিহিত করছেন ।
শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন মঞ্চে বিজেপির গণতন্ত্র বাঁচাও সমাবেশ কর্মসূচিতে উপস্থিত হয়ে এই সমাবেশের শেষে সাংবাদিকদের পক্ষ থেকে মুকুল রায়কে সাংসদ অভিষেক সম্পর্কে পাল্টা প্রশ্ন করা হলে মুকুল বাবু বলেন, 'ও বাচ্চা ছেলে, ওর কোন কথার উত্তর আমি দেব না । যে ছেলেটা ২০০১, ২০০৪, ২০০৬ নির্বাচন দেখেনি, যে ২০০৮ পঞ্চায়েত ভোট দেখেনি, ২০০৯ লোকসভা দেখেনি । সে তো বাচ্চা ছেলে, তার কাছ থেকে অন্ততঃ আমি কোন রাজনীতির পাঠ নেব না।' বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রা কর্মসূচি অপরিবর্তিত রেখেই আপাতত দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে । রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই আগামীদিনে বিজেপির দলীয় কর্মসূচিকে সফল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন মুকুল রায়।
তিনি বলেন, 'ন্যায় আদালতের উপর পূর্ন আস্থা আছে । আমাদের কর্মসূচি ২২, ২৪ ও ২৬ তারিখ অপরিবর্তিত থাকছে । রাজ্যে গনতন্ত্র নেই । তৃনমূল কংগ্রেস আমাদের গণতন্ত্র বাঁচাও যাত্রা কর্মসূচিকে ভয় পেয়েছে । তাই ওরা আদালতে আমাদের বিরুদ্ধে যাচ্ছে । কিন্তু আদালতের রায় রাজ্য সরকারের বিরুদ্ধেই যাবে বলে মনে হচ্ছে । অমিত শাহজী সেই যাত্রার সূচনা করবেন, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই যাত্রায় অংশ গ্রহণ করবেন ।'
ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বারাকপুর রেল স্টেশন চত্বরে শুক্রবার দুপুরে গনতন্ত্র বাঁচাও কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে জনসভার আয়োজন করা হয়েছিল । এই জনসভায় প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন । সভায় মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি অহিন্দ্র নাথ বসু, ফাল্গুনী পাত্র সহ অন্যান্য স্থানীয় বিজেপির নেতা নেত্রীরা ।

No comments