পাঁচতারা হোটেলে আড়ম্বর পূর্ণ ভাবে নয়, ব্লাড ব্যাঙ্কে রক্তদানের মাধ্যমে ছেলের জন্মদিন পালন করল একটি পরিবার। ফলে কিছুটা হলেও রক্তের অভাব মিটল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পারিবারিক উদ্যোগে এমন পদক্ষেপ সচেতনতা ছড়িয়ে দিতে বিপুল ভাবে সহায়ক হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
যীশু গুহ। বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়া। বাবা পার্থপ্রতিম গুহ একজন ব্যবসায়ী। মা ভাস্বতী দাস (গুহ) নিপাট গৃহবধূ। ২০০৯ সালের এই দিনে জন্মগ্রহন করে যীশু। এবার ১০ বর্ষপূর্তিতে পরিবারের পক্ষ থেকে রক্তদানের মাধ্যমে দিনটিকে পালন করা হল। ছেলের জন্মদিনে রামপুরহাট ব্লাড ব্যাঙ্কে প্রথম রক্তদান করেন ভাস্বতীদেবী। মোট ২০ জন রক্তদান করেন এদিন। ভাস্বতীদেবী বলেন, “সাধারণ ভাবে জন্মদিনে যে রকম হয়, সে ভাবে কেক কেটে আনন্দ না করে অন্য ভাবে কিছু করব ঠিক করেছিলাম। তাই রক্তদান করলাম, যাতে প্রয়োজনে তা মানুষের কাজে লাগে”। পার্থবাবু বলেন, “আমরা বীরভূম ভলন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম গড়ে নিয়মিত রক্তদান করে থাকি। এদিন ছেলের জন্মদিন উপলক্ষে ফোরামের পক্ষ থেকে সরাসরি ব্লাডব্যাঙ্কে রক্তদান করলাম। এর ফলে থ্যালাসেমিয়া রোগীদের সুবিধা হবে”। শুধু রক্তদান নয়, সন্ধ্যায় রামপুরহাট ষ্টেশনে পথ শিশুদের সঙ্গে কেক কাটার পর তাদের পেট পুরে খাওয়াদাওয়ারও ব্যবস্থা করা হয় পরিবারের পক্ষ থেকে।

No comments