
নিজস্ব প্রতিনিধি,মথুরাপুর, ১৯মেঃ-মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাগর বিধানসভার ১৬ নম্বর বুথ হয়েছে হিন্দোলকেঁটকি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন অলোক সাউ ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এসে ভোটারদের পদ্মফুলে ছাপ মারার জন্য বোঝাতে শুরু করেন। বিষয়টির প্রতিবাদ করেন অলোক সাউ। তিনি হিন্দীতেই ওই জওয়ানকে বলতে থাকেন এভাবে একজন জওয়ান ভোটারদের প্রভাবিত করতে পারেন না, এটা অন্যায়। এই নিয়ে জওয়ানের সঙ্গে রীতিমত তর্কাতর্কি বেধে যায় অলোক সাউয়ের। লাইনে দাঁড়ানো অন্য ভোটাররাও অলোকবাবুকে সমর্থন করে ওই জওয়ানের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। তখনই লাইনে দাঁড়ানো ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছেন সাগরের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।
No comments