প্রেসকার্ড, পুরুলিয়া, ৩১ ডিসেম্বর: জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের মান বাড়ালেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে পিংকি হাঁসদা। আসামের গৌয়াহাটিতে আয়োজিত ২১ তম জনজাতি স্পোর্ট্স মিটে জোড়া সোনা অর্জন করলেন বলরামপুরের কদমডি গ্রামের পিংকি। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা ওই ক্রীড়া আসরে ৩ হাজার মিটার দৌড়ে প্রতিযোগীদের অনেকটা পিছনে ফেলে প্রথম হলেন পুরুলিয়ার সোনার মেয়ে পিংকি। নিজের সেরাটা গৌয়াহাটি স্টেডিয়ামে তুলে ধরে হাফ ম্যারাথন (১৪ কিলোমিটার) দৌড়েও প্রথম স্থান অর্জন করে জোড়া সোনা হাসিল করলেন তিনি। তাঁর এই সাফল্য প্রশংসিত হয়েছে স্টেডিয়ামে উপস্থিত নামি দামি প্রশিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্বদের কাছ থেকে। মেয়ের এই সাফল্যে গর্বে ভরে তুলেছে জেলার ক্রীড়া মহলকে। সাবাসি জানাচ্ছেন জেলা ক্রীড়া সংস্থা এমএসএ-র ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষকরা। বিভিন্নভাবে এক প্রকার পিংকিকে অনুশীলন ও অন্যান্য ভাবে সাহায্য উত্সাহ যুগিয়ে যাওয়া ক্রীড়া শিক্ষক তথা এমএসএ-র অ্যাথেলেটিক্সের দায়িত্বে থাকা গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘পিংকি জাতীয় ওই প্রতিযোগিতায় সফল হবে এটা আমি নিশ্চিত ছিলাম। তবে, গ্রামের এই মেয়ে বড় স্টেডিয়ামে গিয়ে নিজের সেরাটা উজাড় করতে পারবে কিনা একটু খটকা ছিল। দুটি ইভেন্টে সেরা পারফরমেন্স করে নিজেকে অনেক উঁচু স্থানে নিয়ে গেল পিংকি। ও অদম্য। ওর আরও সেরা দিনের প্রত্যশা বাড়িয়ে দিল।’
বলরামপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী পিংকিকে খেলাধূলার চর্চার প্রতিকুলতা তাঁর প্রতিভার বিকাশকে দমিয়ে রাখতে পারে নি। এর আগে রাজ্যে ৫০০০ মিটার দৌড়ে প্রথম, ক্রস কাউন্ট্রি দৌড়েও তিনি প্রথম স্থান অধিকার করেন।

No comments