প্রেসকার্ড নিউজ , পুরুলিয়া, ২৩ ডিসেম্বর: ২০ ডিসেম্বর রঘুনাথপুরের মৌতোড়ে তৃণমূল যুব সভাপতির বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার, কাশীপুরের কলেজ ময়দানে দলীয় এক সভায় বক্তব্যে আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই দিনের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে গেলেন দিলীপ ঘোষ। অভিষেকের কথার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, ‘জঙ্গলমহলে কার কত দম আছে আসুন দেখা যাক। এখানে বিদ্যাসাগর চক্রবর্তীর বাড়িতে ঘেরাও হলে দেখবেন আপনার কালীঘাটের বাড়িতে ঘেরাও করে দখল নিয়ে নিয়েছি। অতএব জঙ্গলমহলের মানুষকে ধমকি দিবেন না। লাল মাটির মানুষ লাল চোখ দেখবেন না। লাল চোখকে ভয় পায় না।’
‘জেলার পঞ্চায়েৎ পঞ্চায়েত সমিতির সদস্যদের ভাঙ্গিয়ে বোর্ড গঠন করলেও মানুষ যে আপনাদের পাশে নেই তা প্রমান হয়েছে পঞ্চায়েৎ নির্বাচনেই। সামনেই লোকসভা ভোট। আপনারা প্রস্তুত থাকুন।’ বলে তৃণমূল যুব সভাপতি তথা তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন ডিসলিপ ঘোষ।
এদিন ‘গনতন্ত্র বাঁচাও’ এর ডাক দিয়ে কাশীপুর কলেজ ময়দানে এই সভার অনুমতি দেয় নি প্রশাসন। গত কাল রাত্রে সভাস্থলের খুঁটি খুলে ফেলার অভিযোগও করে বিজেপি। তবু সমস্ত কিছুকে উপেক্ষা করেই ওই স্থানেই সভা করল বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করে বলেন, ‘বৈঠকে অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা জমিদারি নাকি? আমরা কোথায় মিটিং করব কত লোক আসবে তা জানিয়ে মিটিং করব নাকি? অনুমতির পরোয়া নেই আমাদের। এটা আজ কাশীপুরে দল করে দেখিয়ে দিয়েছে।’

No comments