প্রেসকার্ডনিউজ, মেদিনীপুর, 23 ডিসেম্বর :তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়া ৩০টি মাও পোস্টার-উদ্ধার উদ্ধার হয়েছে জঙ্গলমহল থেকে। শনিবার রাতে মেদিনীপুর সদর ব্লকের গুরগুরিপাল এলাকা থেকে পোস্টার গুলি উদ্ধার হয়
জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ায় পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার মনিদহ অঞ্চলের ঘাগড়াশোল গ্রামের মুড়াকাটার জঙ্গলে মোরাম রাস্তার ধারে পোস্টারগুলি উদ্ধার হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
সাদা কাগজের উপর লাল কালিতে লেখা উদ্ধার হওয়া পোস্টারগুলিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তার দলীয় বিধায়ক নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
“চোর তৃণমূল নেতারা হুঁশিয়ার”, “১০০ দিনের কাজের টাকা চুরি করছ কেন পঞ্চায়েত প্রধান জবাব দাও”, “আদিবাসীদের কোনও উন্নয়ন করা হয়নি কেন বিধায়ক সুকুমার হাঁসদা জবাব দাও”, “মদখোর বিধায়ক মৃগেন মাইতি হুশিয়ার”, “একের পর এক মহিলাকে ধর্ষণ করা হচ্ছে কেন টিএমসি নেতা মন্ত্রীরা জবাব দাও”, “ছত্রধর মাহাতকে ছাড়তে হবে সিআরপিএফ ক্যাম্প তুলতে হবে”- এরকম লেখা একাধিক পোস্টার উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি পোস্টারের নীচে লেখা আছে সিপিআই মাওবাদী।
পোস্টারগুলি মাওবাদীদের দেওয়া নাকি মাওবাদীদের নাম করে অন্য কেউ এধরনের পোস্টার ছড়িয়ে জঙ্গলমহলে আতঙ্ক ছড়াতে চাইছে। পুলিশ তা খতিয়ে দেখা শুরু করেছে।

No comments