প্রেসকার্ড নিউজ : এক অনন্য মানবিকতার নজির গড়লেন ক্যানিং ১ ব্লকের অঙ্গনওয়ারী কর্মীরা। নিজেরা স্বল্প মাসিক মাইনে পেয়ে ও তার থেকে চাঁদা দিয়ে অবসর প্রাপ্ত সহ কর্মীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। ক্যানিং ১ ব্লকের সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অফিসের সামনে মঞ্চ বেঁধে অনুষ্ঠা,ন করে কার্যত অবসর প্রাপ্ত সহকর্মীদের হাতে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি তাদের সম্বর্ধনা ও দেন অঙ্গনওয়ারী কর্মীরা।
সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মীরা নামে সরকারী কর্মী হলেও কার্যত অত্যন্ত স্বল্প মাইনেতেই এরা নিজেদের শ্রমদান করে থাকেন। অবসরের পর অন্যান্য সরকারী কর্মীদের মত এরা কোন অবসরকালীন ভাতা কিম্বা এককালীন ভাতা ও পান না। তাই অবসরের পর বেশীরভাগ অঙ্গনওয়ারী কর্মীদেরই দিন কাটে আর্থিক অনটনে। বেঁচে থাকার জন্য কার্যত লড়াই করতে হয় ষাটোর্ধ সেই সমস্ত মহিলাদের। আর এই সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনওয়ারী কর্মীদের পাশে দাঁড়ালেন তাদেরই সহকর্মীরা। সম্প্রতি ক্যানিং ১ ব্লকের সমস্ত কর্মরত অঙ্গনওয়ারী কর্মীরা নিজেরাই নিজেদের মাইণের টাকা থেকে চাঁদা দিয়ে ষোলজন অবসর প্রাপ্ত অঙ্গনওয়ারী কর্মীদের পাশে দাঁড়ালেন। অর্থনৈতিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সেই সমস্ত সহকর্মীদের কাছে। রীতিমত মঞ্চ বেঁধে এই সমস্ত সহকর্মীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মন্দিরা, শেফালী, আফরোজা, সুমনারা। ক্যানিং ১ ব্লকের মোট ৪৬৭ টি সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের কর্মীরা এইভাবে অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে দাঁড়ানোয় খুব খুশি সাহায্যপ্রাপ্তরা। এক সময়ের সহকর্মীদের কাছ থেকে এইভাবে সম্মান ও আর্থিক সাহায্য পেয়ে ভীষণ খুশি রানী তালুকদার, বিভা সরদাররা। তারা বলেন, “ আমরা সরকারী প্রকল্পে কাজ করলেও অবসরের পর আমাদের পাশে দাঁড়ায় না সরকার। কোন আর্থিক সাহায্য ও পাইনা আমরা। আজ আমাদের সহকর্মীরা যেভাবে আমাদের পাশে দাঁড়ালেন তাতে আমরা ভীষণ খুশি”। আর যারা এই মহৎ কাজ করলেন সেই শেফালী, মন্দিরারা বলেন, “আগামী দিনেও এই ভাবে অবসরপ্রাপ্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের কর্মীদের পাশে সামান্য আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের এই ‘সকলের তরে সকলের আমরা কর্মসূচী’ চালিয়ে যাবো।

No comments