২০০৪ সালের ঘটনা। মুলতান টেস্টে ১৯৪ রানে ব্যাট করছিলেন শচিন টেন্ডুলকার। ওই সময় হুট করেই ইনিংস ঘোষণা করেন তখনকার ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি শচিন। দেখিয়েছিলেন রাগ। এমনকি রাহুলের সঙ্গে বেশ কিছুদিন কথাবার্তাও বন্ধ ছিল লিটল মাস্টারের।
১৪ বছর আগের ঘটনার সেই স্মৃতি ফিরে এলো মেলবোর্ন টেস্টে। শচিনের জায়গায় রোহিত শর্মা। অধিনায়ক রাহুলের জায়গায় বিরাট কোহলি। অবশ্য ডাবল সেঞ্চুরি নয়, বরং প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন রোহিত শর্মা। কিন্তু কোহলি ইনিংস ঘোষণা করায় অধরা থেকে যায় রোহিতের সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে রানের পাহাড়ই গড়েছে ভারত। চেতেশ্বর পুজারার সেঞ্চুরি, কোহলির ৮২ ও রোহিতের অপরাজিত ৬৩ রানে ভর করে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলা সাত ওভার বাকি থাকতেই ভারতীয় অধিনায়কের হঠাৎ ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিতর্কের।
এ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষকরা। একই সঙ্গে ওই সিদ্ধান্তের কারণে সমর্থকদের সমালোচনার শিকারও হচ্ছেন ভারতীয় অধিনায়ক। সমর্থকদের মতে, কোহলি ওই সময় ইনিংস ঘোষণা না করলে সেঞ্চুরি পেতে পারতেন রোহিত। এর পেছনে দুজনের মধ্যকার সম্পর্কের অবনতিকেও দায়ী করছেন রোহিতভক্তরা।

সমর্থকদের একাংশের দাবি, রোহিত যা ফর্মে ছিলেন, তাতে সেঞ্চুরি ছিল কেবল সময়ের অপেক্ষা। অহংবোধের কারণে ইনিংস ঘোষণা করার মতো আক্রমণাত্মক সিদ্ধান্ত নেন কোহলি; যা রীতিমত অন্যায়। কেউ কেউ বলছেন, আর একটু রান বাড়লে কীইবা এমন ক্ষতি হতো? অনেকে কোহলিকে হিংসুক বলেও আখ্যা দিচ্ছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারও। টুইটারে তিনি লিখেছেন, ‘অবাক করা সিদ্ধান্ত ভারতের। রোহিত উইকেটে থাকায় ভারত আরও ৫০ বা ৭৫ কিংবা তারও বেশি রান করতে পারত, যা পরে ব্যাটিংয়ে নেমে তোলা কঠিন হবে।’

আরেক সমর্থক লিখেছেন, ‘দুর্বল অহংবোধের কারণে কোহলির এমন সিদ্ধান্ত। রোহিত শর্মা তখনও ক্রিজে ছিলেন। তারপরও কোহলির এমন সিদ্ধান্ত। বিরাট কোহলি, আপনি প্রমাণ করে দিয়েছেন যে সিদ্ধান্ত নিতে আপনি বরাবরই কাঁচা। এটা রীতিমত অন্যায়।’
জোশি নামের এক সমর্থক লিখেছেন, ‘৬৩ রানে অপরাজিত রোহিত শর্মা। এরপরও সন্দেহ হচ্ছিল। কেন কোহলিকে ইনিংস ঘোষণা করার মতো সিদ্ধান্ত নিতে হবে। আরও তো ছয়টা ওভার অপেক্ষা করা যেতো। কোহলিকে নিয়ে নাসিরুদ্দিন শাহর দেওয়া সেই বক্তব্যটা মনে পড়ে গেল।’
কেউ কেউ আবার বলছেন, কোহলি তড়িঘড়ি করে ইনিংস ঘোষণা করেছেন কারণ রোহিত শর্মা তাকে ছাড়িয়ে যাবেন। ওই ইনিংসে কোহলি ৮২ রান করেন। আবার কেউ কেউ বলছেন, মাঝে রব উঠেছিল কোহলি-রোহিতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ধরেছে ফাটল। তার প্রমাণ এই হুট করেই ইনিংস ঘোষণা।
তবে কোহলির মাথায় নিশ্চয়ই অজিদের আটকানোর জন্য অন্য কোনো পরিকল্পনাই ঘোরাফেরা করছিল। যার জেরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক।
No comments