ওয়াশিংটনের পরমাণু সুরক্ষা সম্মেলনে নাম না করে পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদীদের পরমাণু অস্ত্র তৈরিতে সাহায্য করছে পাকিস্তান।
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা-সহ ২০ জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে হোয়াইট হাউসে গতকাল নৈশভোজ করেন মোদী। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, ‘‘ব্রাসেল্সে জঙ্গি হামলাই প্রমাণ করে, সন্ত্রাসবাদীরা পরমাণু অস্ত্রভাণ্ডারের দখল নিতে চাইছে। কয়েকটি রাষ্ট্র তাদের মদতও দিচ্ছে। এরাই বিশ্বশান্তির পথে সবচেয়ে বড় বাধা।’’
মোদী দাবি করেন, সন্ত্রাসবাদের ভাল-মন্দ হয় না। কূটনীতির কারবারিদের একাংশের জল্পনা, পাকিস্তানকে উদ্দেশ্য করেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য। কারণ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সদস্যকে পাঠানকোট তদন্তে দেশে আসতে দেওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। তাই তাঁকে ইসলামাবাদের বিরুদ্ধে সুর কিছুটা চড়াতেই হচ্ছে। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন মোদী।
অন্যদিকে, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনআইএ) ডিরেক্টর জেনারেল শরদ কুমার আজ জানিয়েছেন, পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানার তদন্তে পাকিস্তানে যাবেন এনআইএ’র আধিকারিকেরা। তবে যাওয়ার দিনক্ষণ এখনও স্থির হয়নি।
পরমাণু সুরক্ষা সম্মেলন শেষে আগামী পরশু সৌদি আরবে যাবেন মোদী। কূটনীতির কারবারিদের একাংশের মতে, পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সৌহার্দ বাড়ানোর মাধ্যমে পাকিস্তানের উপরে কূটনৈতিক চাপ বাড়াতে চাইছেন মোদী। বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব আজ বলেন, ‘‘পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলেই সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে কোণঠাসা করা সম্ভব।’’
from Daily Bangla http://bit.ly/2DFV8L7
from DNAবাংলা http://bit.ly/2IOg9r4

No comments