১লা জানুয়ারি ইংরেজি বছরের প্রথম দিন- সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। যথাযোগ্য মর্যাদার সাথে দিনটিকে পালন করা হ'ল অন্যান্য জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকেও। তবে চিত্রটা একটু আলাদা রকম। বছরের প্রথম দিনে ফের তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো মুর্শিদাবাদ জেলা তৃনমূল মহলের।
এদিন (মঙ্গলবার) সকালে বহরমপুরে পৃথকভাবে একদিকে জেলা তৃনমূল কার্যালয়ে অন্যদিকে বহরমপুর গ্রান্ট হলে দলের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করা হ'ল জেলার শীর্ষ স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে। দলীয় জেলা কার্যালয়ে বিশেষ দিনটি পালন করা হ'ল বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন জেলা তৃনমূলের সহ সভাপতি অশোক দাস, টাউন তৃনমূল সভাপতি নাড়ুগোপাল মুখার্জী সহ দলীয় নেতৃত্ব। অন্যদিকে জেলা তৃনমূলের উদ্যোগে আয়োজিত গ্রান্ট হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি সুব্রত সাহা, জেলার বলিষ্ঠ নেতা মহম্মদ আলী সহ দলের বিশিষ্ট নেতা- কর্মী ও সমর্থকরা। দলের প্রতিষ্ঠা দিবসে একই স্লোগান মুখে আওড়ানো হলেও পৃথকভাবে সভার আয়োজন ও একদিকে জেলা সভাপতি অন্যদিকে সহসভাপতির উপস্থিতি স্পষ্ট ভাবে প্রকাশ্যে তুলে ধরলো তৃনমূলের জেলাস্তরের গোষ্ঠীদ্বন্দ্ব। উল্লেখ্য- গত মাস খানেক আগে বহরমপুরে দলীয় জেলা কার্যালয়ে সহসভাপতি অশোক দাস আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে মুর্শিদাবাদে তৃনমূলের জেলাস্তরের গোষ্ঠীদ্বন্দ্ব আসে প্রকাশ্যে।

No comments