মধ্যমগ্রাম পুরসভা এলাকাকে সুষ্ঠু পরিবেশ হিসাবে মডেল করতে চলছে রাজ্য সরকার। ১৩তম মধ্যমগ্রাম পরিবেশ মেলা নজর কেড়েছে স্হানীয় ও মন্ত্রী এবং পরিবেশ দফতরের। শনিবার সন্ধ্যায় উদ্বোধন হল পরিবেশ মেলা। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিক, মধ্যমগ্রামের বিধায়ক ও চেয়ারম্যান রথীন ঘোষ ছাড়াও বারাসত এবং মধ্যমগ্রাম পুরসভার জনপ্রতিনিধিরা।
পরিবেশ বাঁচাতে আবাসন ও পনেরো বছরের পুরানো গাড়ির ওপর কড়া নজরদারি করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি কেএমডিএ এলাকায় ইলেকট্রনিক বাস ও সিএনজি নামাতে চলেছে পরিবেশ দফতর। শনিবার সন্ধ্যায় পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্যমগ্রাম পরিবেশ মেলায় এসে এ কথা বলেন।
এদিন পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বৃহত্তর কলকাতা জুড়ে ৫০টি চার্জিং সেন্টার তৈরি হচ্ছে। যেখানে ইলেকট্রনিক গাড়ি চার্জ দেওয়া যাবে। বায়ুমন্ডল ঠিক রাখতে রাজ্যের ১০০টি যায়গায় বাতাসের গুনগত মান পরীক্ষা কেন্দ্রের মত মধ্যমগ্রামেও এই ব্যবস্থা চালু করা হবে। নজরদারি প্রসঙ্গে মন্ত্রী জানান, রাজ্যে লাল ও কমলা চিহ্নিত শিল্প গুলির দূষনের পরিমান মাপতে অনলাইন মনিটরিং ব্যবস্হা করা হবে। মন্ত্রী আরও জানান, গেইল প্রস্তাব দিয়েছে শহরে ট্যাঙ্কে গ্যাসের পরিষেবা দেবে। সেই গ্যাস এলে কলকাতাতেও সিএনজি চালু করা হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আবাসন গুলি নিয়ম মেনে এক তৃতীয়াংশ গাছ লাগানোর বিধি মানছে কি না তা কঠোর ভাবে নজরদারি করা হবে বলে ঘোষণা করলেন পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

No comments