ছোট শিশুদের বেড়ে ওঠার প্রতিটি সময়ে তাদের বিভিন্ন পরিবর্তন হয়। যেমন- একটি নির্দিষ্ট বয়সে শিশুরা উপুড় হওয়া শেখে, বসা শেখে, হামাগুড়ি দেয়া শুরু করে, সেভাবেই একটি নির্দিষ্ট বয়সে তারা কথা বলা শুরু করে। কিন্তু সঠিক বয়সে বা তার কিছু পরেও যদি শিশুরা কথা বলা শুরু না করে তাহলে অবশ্যই বাবা-মা কে এই ব্যাপারে সচেতন হতে হবে।
স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং এসোসিয়েশন এর মতে, সাধারণত ছেলে শিশুদের তুলনায় মেয়ে শিশুরা দ্রুত কথা বলতে শেখে। কিন্তু যদি কোনো শিশু ১৮ থেকে ২০ মাস পার হওয়ার পরও দিনে ১০টির কম শব্দ বলে বা ২১ থেকে ৩০ মাস পার হওয়ার পর দিনে ৫০টিরও কম শব্দ ব্যবহার করে, তাহলে তাদের ‘লেইট টকিং চিলড্রেন’বলা হয়।
শিশুর দেরিতে কথা বলার কারণ
শিশু বংশগত কারণে দেরিতে কথা বলা শুরু করতে পারে।
মস্তিষ্কের জন্মগত ত্রুটি।
প্রসবকালীন জটিলতা।
প্রসবের পর স্বল্পকালীন অসুখ যেমন –ভীষণ জ্বর, খিঁচুনি, জীবাণু সংক্রমণ, মস্তিকের ভেতর জীবাণু সংক্রমণ ইত্যাদি শিশুর কথা বলার বাধা হতে পারে।
জিহ্বার ত্রুটির কারণে অনেক শিশু ঠিকমতো উচ্চারণ করতে পারে না।
শিশুর মানসিক প্রতিবন্ধকতা থাকলে শিশু দেরিতে কথা বলা শেখে।
শিশুর সামনে ঝগড়া করলে বা উচ্চস্বরে কথা বললে ভয়ে তাদের কথা জড়িয়ে যাওয়ার আশংকা থাকে।
আমাদের করণীয়
শিশু যখন থেকে কথা বলার চেষ্টা করা শুরু করবে, ঐ সময় পরিবারের সকলকেই শিশুকে বেশি সময় দিতে হবে।
আদরের শিশুটির সাথে তাল মিলিয়ে ভুল উচ্চারণ করা যাবে না।
ভুলভাবে কথা বলার জন্য শিশুকে ধমক দেয়া যাবে না। এতে শিশু কথা বলতে অনাগ্রহী হয়ে যেতে পারে।
বিভিন্ন রঙিন বই নিয়ে বইয়ের ছবিগুলোর নাম স্পষ্ট উচ্চারণ করুন। তাহলে শিশু শুনে শুনে দ্রুত কথা বলা শিখবে।
সব রকমের চেষ্টা করার পর শিশুর দুই বছর শেষ হলেও যদি সে কথা না বলে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্পিচ থেরাপির সহযোগিতা নেয়া ভাল।
স্পিচ থেরাপি কী?
স্পিচ থেরাপি হচ্ছে বিশেষ এক ধরণের চিকিৎসা ব্যবস্থা, যার সাহায্যে কথা বলতে অক্ষম অথবা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না এমন রোগীদের চিকিৎসা করা হয়। জিহ্বায় আটকানো, তোতলামি, শিশুদের দেরিতে কথা বলা, কানে কম শোনাজনিত কথা বলার সমস্যা ইত্যাদি নানা কারণে যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তাদের সাহায্য করে এই স্পিচ থেরাপি।
কোথায় যোগাযোগ করবেন?
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্পিচ থেরাপি সেন্টার আছে। এছাড়া বিভিন্ন এনজিও ভিত্তিক সংস্থা ও এ ধরণের সেবা দিয়ে থাকে।
from Daily Bangla http://bit.ly/2VBuRHU
from DNAবাংলা http://bit.ly/2vs4SEl

No comments