হংকংয়ের সাম সুই পো এলাকায় চমকে যাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। একটি বাড়ির ছাদ থেকে উড়ে আসছে লাখ লাখ হংকং ডলার। আর সেই অর্থ কুড়িয়ে নিতে আশপাশের লোকজন হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ২৪ বছর বয়সী ওং চিং-কিট নামে এক ব্যক্তি বিপুল পরিমাণ হংকং ডলার নিয়ে একটি ল্যাম্বরগিনি স্পোর্টস কারে করে আসেন। এরপর একটি বাড়ির ছাদে গিয়ে তিনি ওই সব ডলার ছাদ থেকে উড়াতে শুরু করেন। পথচারীরা সেখানে ডলার কুড়িয়ে নিতে হুমড়ি খেয়ে পড়ে। অনেকে আবার সেই দৃশ্য মোবাইলে ধারণ করতে শুরু করেন।
ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৬ ডিসেম্বর, রবিবার চিং-কিটকে পুলিশ আটক করেছে। ২৪ বছরের ওই ছেলের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। এদিকে আটকের সময়ও চিং-কিট লাইভ স্ট্রিমিং করতে থাকেন।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা ওই ছেলে বাড়ির ছাদ থেকে উড়িয়ে দিয়েছেন।
পুলিশের তথ্যানুযায়ী, ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন কেনাবেচা করেই চিং-কিট বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে গেছেন। তার মতে তিনি বড়লোকদের লুট করে গরিবদের সাহায্য করতে চান। আর সে কারণেই ওই অর্থ তিনি ওই বাড়ির ছাদ থেকে উড়িয়ে দিয়েছেন।
তবে বিশেজ্ঞদের মতে, চিং-কিট তার পরবর্তী কোনো প্রজেক্টের পাবলিসিটির জন্য এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
No comments